চিরনিদ্রায় সেলিনা : ফেসবুক স্ট্যাটাসের তদন্ত করবে পুলিশ
ফেন্সুগঞ্জ সংবাদদাতা :

ফেঞ্চুগঞ্জের মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন। অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা আর ভালোবাসায় তাঁকে চির বিদায় জানালেন হাজারো মানুষ। মৃত্যুর আগে ৫ ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া সেলিনার স্ট্যাটাসের বিষয়ে পুলিশ তদন্ত করবে বলে জানা গেছে। ওই স্ট্যাটাস নিয়ে গোটা ফেঞ্চুগঞ্জ তথা সিলেটজুড়েই তোলপাড় চলছে। সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও প্রয়াত সেলিনার শুভাকাঙ্খিদেরও দাবি বিষয়টি যেনো ভালো করে তদন্ত করা হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া শাহ্ সৈয়দ আলী রাহ. মাজার সংলগ্ন ঈদগাহে জানাযার নামাজ শেষে তার মরদেহ পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়।
এক মেয়ে সন্তানের জননী সেলিনা ইয়াসমিন মৃত্যুর আগে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনজন ব্যক্তির প্রতি ইঙ্গিত করেছেন। এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ওই তিন ব্যক্তি কারা? যাদেরকে ইঙ্গিত করে ফেসবুকে মনের কষ্টের কথা লিখে দুশ্চিন্তা আর হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সেলিনা ইয়াসমিনের স্ট্যাটাস নিয়ে কাজ করছে পুলিশের একটি দল। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে। পুলিশের তদন্তে কয়েকজনের নামও উঠে এসেছে। তবে প্রাপ্ত তথ্যগুলো প্রাথমিক হওয়াতে সেগুলো যাচাই-বাছাই করছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানিয়েছে ওই তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। দু’জনের ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেছে। পুরো বিষয়টি খোলাসা হতে সময় লাগবে। তিন ব্যক্তির তথ্য সেলিনা ইয়াসমিনের মেয়ে সেঁজুতির কাছ থেকে জানার চেষ্টা করবে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন বলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন মৃত্যুর আগে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তিনি তিন ব্যক্তির বিষয়ে ইঙ্গিত দেন। পুরো বিষয়টি খোলাসা না করলেও তিনি সবতথ্য তার মেয়ের কাছে রয়েছে বলে ফেসবুকে লিখেন। পুলিশ এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। সেলিনা ইয়াসমিনের দাফন সম্পন্ন হওয়ার পর পুলিশ তার মেয়ের সাথে এসব বিষয় নিয়ে কথা বলে তথ্য জানতে চাইবে।
শনিবার জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সিনিয়র সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, হাবিবুর রহমান হাবিবসহ সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন।




