করোনায় কেড়ে নিলো সাউথ লন্ডন যুবলীগ নেত্রীর প্রাণ : শোক প্রকাশ
সময় সিলেট ডেস্ক :

সাউথ লন্ডন যুবলীগের মহিলা সম্পাদিকা, উদীয়মান নারীনেত্রী সুজানা রানী আর নেই। মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭ টায় লন্ডনের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে- যুক্তরাজ্যে তার জানাযা ও দাফন হওয়ার কথা রয়েছে।
মৃত্যুকালে সুজানা রানী’র বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, পরিবার-প্রতিবেশী, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশ-বিদেশের আত্মীয়-অনাত্মীয় এবং পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
যুবলীগ নেত্রী সুজানা রানী যুক্তরাজ্যের সাউথ লন্ডন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈনুল আলী’র সহধর্মিণী এবং তিনি নিজেও সাউথ লন্ডন যুবলীগের মহিলা সম্পাদিকা’র দায়িত্বে ছিলেন। তার পৈত্রিক নিবাস সিলেটের ওসমানীনগর উপজেলায় এবং স্বামীর বাড়ি বিশ্বনাথ উপজেলার দেওকলসে অবস্থিতি।
মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়- সম্প্রতি তার শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি করোনা টেস্ট করান। এ সময় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি চিকিৎসা নিতে থাকেন। দিনে দিনে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে শুক্রবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাজ্যেই তার জানাযা ও দাফন হওয়ার কথা রয়েছে।
এদিকে, সাউথ লন্ডন যুবলীগের মহিলা সম্পাদিকা, উদীয়মান নারীনেত্রী সুজানা রানী’র অকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মুজাহিদ আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা-সহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় যুবলীগ নেত্রী সুজানা রানী’র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন- সুজানা রানী ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ একজন সম্ভাবনাময়ী যুবলীগ নেত্রী। অত্যান্ত ভদ্র, সজ্জন ও মেধাবী সংগঠক হিসেবে পরিচিত মহলে তার গ্রহণযোগ্যতা ছিলো।
তার মৃত্যুতে যে ক্ষতি সাধিত হয়েছে, তা কোন দিনও পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাক্বাম কামনা করেন এবং তার শোকাহত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষি ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।




