গোলাপগঞ্জে সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে শতাধিক ঘর
গোলাপগঞ্জ সংবাদদাতা :

গোলাপগঞ্জে সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ বেশ এগিয়ে চলছে। বিশেষ করে উপজেলার ফতেহপুরে শতাধিক ঘর নির্মাণ করে গৃহহীনদের মধ্যে দান করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। শীঘ্রই নির্মাণ কাজ শেষ করে গৃহহীনদের মধ্যে ঘর গুলো দান করা হবে।
এছাড়া গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ও বাঘা ইউনিয়নে গৃহনির্মাণের কাজ অনেকটা সমাপ্তির পথে। আগামী মার্চ মাসের মধ্যে দু’শ ঘর নির্মাণ করে গৃহহীনদের দান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুরে ৬০টি ঘরের নির্মাণ কাজ দেখতে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা চেয়ারম্যান তার অভিমত ব্যক্ত করে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের প্রতি খুবই আন্তরিক। গৃহহীন মানুষজন কিভাবে মানবেতর জীবন যাপন করছে তা তিনি বুঝেন। এজন্য ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য তার বিশেষ উদ্যোগ আশ্রয়ন প্রকল্প। এতে এদেশের লক্ষ লক্ষ গরীব অসহায় মানুষ তাদের ঠিকানা খোঁজে পাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির তার বক্তব্যে বলেন- সবাইকে ঘরসহ দুই শতক জমি দান করে তাদের নামে মিউটেশন করে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এদেশের কোন মানুষ গৃহহীন হয়ে থাকবে না। বাজেটে গৃহহীনদের জন্য বড় ধরনের বরাদ্ধ রয়েছে। গোলাপগঞ্জে প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে দু’শ ঘর নির্মাণ করার বিষয়টি তিনি উল্লেখ করে বলেন সদর ইউনিয়নের চৌঘরী ও উত্তর গোয়াসপুরে ১৫টি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। বাঘায় নির্মাণ কাজ এগিয়ে চলছে, ফতেপুরের ৬০টি গৃহ নির্মাণের কাজ শীঘ্রই শেষ হবে। আরো ৩০টি ঘর এর পাশেই নির্মিত হবে। আগামী মার্চ মাসের মধ্যে দু’শটি ঘর নির্মাণ করে গৃহহীনদেরকে দান করা হবে বলে তিনি জানালেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ব্রাজিল আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী, সমাজসেবী সাইকুজ্জামান চৌধুরী শিমুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।




