ব্যাটারি চুরি করতে বাধা দেয়ায় গ্রাম পুলিশকে হত্যা : গ্রেপ্তার ৩
তাহিরপুর সংবাদদাতা :

মাত্র ৮শ’ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার সময় বাধা দেয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে গ্রাম পুলিশের সদস্য আব্দুর রউফকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩।
শনিবার (৮ মে) দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলন র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
হত্যা ঘটনায় শনিবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন- গত ৬ মে (বৃহস্পতিবার) ভোর রাতে জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে বড়ির পাশেই রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই র্যাব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র্যাবের গোয়েন্দা তৎপরতায় খুনের তথ্য বের হয়ে আসে। শনিবার দুপুরেই আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে তাহিরপুর থানা পুলিশ একই ঘটনায় ইয়াসিন নামে এক যুবককে আটক করেছে।




