২৯ মে থেকে চালু হচ্ছে সৌদিগামী ফ্লাইট
সময় সিলেট ডেস্ক :

স্থগিত করা সৌদিগামী ফ্লাইট আগামী ২৯ মে থেকে পুনরায় চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৩ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট চালু করা হচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এতে আরও বলা হয়- ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ বিমান সেলস সেন্টার বা কাউন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।
এর আগে গত ২০ মে থেকে সৌদি আরব বিভিন্ন শর্তারোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী সব ফ্লাইট পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নেয়।




