তাজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন ভিপি সুমন : লক্ষ্য দাদার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা
বিশেষ সংবাদদাতা :

বীজ যদি ভালো মানের হয়, তাহলে সেখান থেকে ভালো ফসল আসা করা যায়। একইভাবে পূর্বসূরী যদি হন একজন সফল জনপ্রতিনিধি, তাহলে তার উত্তরসূরীও যে এলাকার মানুষের তরে নিবেদিতপ্রান হবেন -সেটাই স্বাভাবিক। এরই প্রমাণও দিয়ে চলেছেন- সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল হোসেন সুমন। মানুষজন তাকে ‘ভিপি সুমন’ নামেই চিনে থাকেন। ছাত্রাবস্থায় তিনি কলেজের ভিপি ছিলেন। অতপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমান তিনি দেশে ও প্রবাসে বিভিন্ন ব্যবসা পরিচালনার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের রক্ত-চেতনা বুকে ধারণ করে যুবলীগের ব্যানারে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
জানা গেছে- ফয়সল হোসেন সুমন এলাকার একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। কলেজ জীবনে তিনি ১৯৯৮ সালে তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হয়ে এ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। এছাড়াও তিনি ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন ওসমানীনগরে তার নেতৃত্বে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬নং তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভিপি সুমনকে নিয়ে চলছে বেশ তোড়জোড়। প্রতিদিনই তার পক্ষে চেয়ারম্যান পদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দোয়া চেয়ে ও সফলতা কামনা করে বিভিন্ন পোস্ট দিয়ে তার পক্ষে জনমত গড়ে তুলছেন। অনেকেই লিখেছেন- তাকে চেয়ারম্যান হিসেবে পেতে চান। আবার কেউ কেউ লিখেছেন- চেয়ারম্যান হতে যেসব যোগ্যতা ও মন-মানসকিতা লাগে, সে সবকিছুই আছে ফয়সল হোসেন সুমনের মধ্যে।
প্রসঙ্গত, আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল হোসেন সুমন-এর দাদা মরহুম মুজেফর আলীও ছিলেন এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান। এলাকায় এখনও রয়েছে তার সুনাম, সুখ্যাতি ও ব্যাপক পরিচিতি। ১৯৬৬ সালে ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ার পর তৎকালীন সময়ে এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি। তাছাড়া তাজপুর ইউপি ভবন নির্মানের জন্য ভূমি প্রদান’সহ বড় অবদান রয়েছে তার। আর একজন দিলদরাজ সমাজসেবক ব্যক্তিত্ব হিসেবেও তিনি সমাদৃত ছিলেন। শুধু তাই নয়, অসহায়-দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে মুজেফর আলী চেয়ারম্যানের পরিচিতি ছিল ব্যাপক।
আলাপকালে ফয়সল হোসেন সুমন বলেন- আমি বৃহৎ পরিসরে জনকল্যাণে ভূমিকা রাখার জন্য ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। কারন, জনসেবা আমার রক্তের সাথে মিশে আছে। তিনি বলেন- আমার দাদা ছিলেন তাজপুরের ইউনিয়নের প্রথম এবং সফল চেয়ারম্যান। দাদা যেভাবে সাধারণ জনগনের সেবায় উদ্যোমী ছিলেন, আমিও তার যোগ্য উত্তরসূরী হিসেবে দাদার পথ ধরে হাটতে চাই, জনকল্যাণে সর্বদা নিবেদিত থাকতে চাই।
ভিপি সুমন বলেন- এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্তমান ইউপি ভবনকে সংস্কার ও বড় করে নান্দনিক ইউপি কমপ্লেক্স বিনির্মাণ এবং দাদার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আমি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এসেছি। তিনি আরও বলেন- শিক্ষা প্রচার-প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন তথা আধুনিক, ডিজিটাল, আদর্শ একটি ইউনিয়ন গঠনে আমি সর্বদা সচেষ্ট থাকবো। তাছাড়া চেয়ারম্যান নির্বাচিত হলে দূর্নীতি, মাদক, জুয়া, ধর্ষণ, শিশুশ্রম, বাল্যবিবাহ, যৌতুক, মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষুধ, চোরাচালানি, পর্ণগ্রাফী, চুরি, ডাকাতি, ছিনতাই এবং খাদ্যে ভেজাল রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তাবায়ন করার লক্ষ্যে কাজ করবো। বিশেষ করে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণ এবং সর্বাত্মক সহোযোগিতা চালিয়ে যাবো।
‘রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেনিটেশন, কবরস্থান, জরুরি এ্যাম্বুলেন্স সেবা, রোড লাইট’সহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে বাস্তবায়ন এবং জবাবদিহীতামূলক কার্যক্রম চালু করবো’ উল্লেখ করে এই চেয়ারম্যান পদপ্রার্থী আরও বলেন- বর্তমানে ইউনিয়নের স্থানীয় জনগণ অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। তাই পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা তৈরি ও রাস্তা প্রশস্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করবো। পরিকল্পিতভাবে রাস্তার সঙ্গে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ড্রেন করে দেয়া, ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, সন্ত্রাস, চোরাচালান ও মাদকমুক্ত রাখা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতা প্রদান, শিক্ষার অধিকার যাতে ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে তা নিশ্চিত করতে চাই।
যুবলীগ নেতা ফয়সল হোসেন সুমন বলেন- আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শাক্তিশালী করতে দেশে এবং প্রবাসে সিনিয়র নেতৃবৃন্দের দিক-নির্দেশনায় যুবলীগের মূল ধারার রাজনীতির সাথে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস- আসন্ন ইউপি নির্বাচনে দল এবং জনগণ আমাকে মূল্যায়ন করবেন। তিনি ৬নং তাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা ও আত্মিক দোয়া কামনা করেছেন।




