সিলেট-৩ আসনে চমক দেখালেন হাবিব : নেপথ্যের নায়ক আনোয়ার চৌধুরী
স্টাফ রিপোর্টার :

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরীর মৃত্যুর পর শূন্য হয়ে যাওয়া আসনের আসন্ন উপ-নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা।
কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য, এই নিয়ে এখন সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে নানা তর্ক-বিতর্ক। তবে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৩ আসনে চমক দেখিয়েছেন হাবিবুর রহমান হাবিব। প্রায় ২৫ জনকে পাশ কাটিয়ে মনোনয়ন পাকা করে নিলেন এই নেতা। সুদুর লন্ডন থেকে হাবিবের পক্ষে কাজ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট-৩ আসনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদের উত্তরসূরী হতে ২৫ জন মনোনয়ন ফরম ক্রয় করেন।
জানা যায়, মাহমুদ উস-সামাদ চৌধুরীর স্ত্রী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা সামাদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল। তাদের পেছনের কাতারে আলোচনায় জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন ও ব্যবসায়ী নেতা তাহমিন আহমদ। এছাড়াও দলীয় মনোনয়ন ফরম সংগ্রকারীদের মধ্যে নাম পাওয়া গেছে- ষাটের দশকের ছাত্রনেতা মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি নিজম উদ্দিন অ্যাডভোকেট, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য শামীম ইকবাল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল আলম এবং বাংলাদেশে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম সাদরুল আহমেদ খান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট এমসি কলেজ সাবেক ছাত্রলীগ সভাপতি সেলিম আহমদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস শহীদ কাজল।
এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব জানান- সবসময় এলাকার মানুষের পক্ষে কাজ করেছি। এমপি না হয়েও এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছি। সাধ্যমত সবসময় মানুষের পাশে থেকেছি। মানুষের দোয়া আর ভালোবাসায় এবার আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ।
এদিকে, সিলেট-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। চলতি সপ্তাহে তিনি দেশে আসছেন বলে নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট-৩ আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬১৮ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন।
জানা যায়- করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যান। এরপর গত ১১ মার্চ তারিখে জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ জনিত দুর্বিপাকের কারণে এ দফায় মেয়াদান্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৭ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। ২৪ জুন হবে প্রতীক বরাদ্দ এবং আগামী ১৪ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই নির্ধারণ করেছে।




