পশুবাহী যানবাহন মহাসড়কে না থামানোর নির্দেশ
সময় সিলেট ডেস্ক :

সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষ’সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ জুলাই) আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের এক ভার্চুয়াল সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়ক ও সড়কে হাইওয়ে, জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আইজিপি পুলিশ কর্মকর্তাদের বলেন- বাংলাদেশ পুলিশের নানাবিধ উদ্যোগের ফলে জঙ্গি ও উগ্রপন্থা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এ ধরনের যে কোনো তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি’সহ পুলিশি কার্যক্রম চলমান রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য মাধ্যমে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, সংশ্লিষ্ট ডিআইজি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




