নিজের ঘরে প্রথম ঈদ : উপহার নিয়ে গেলেন ইউএনও
বিশেষ সংবাদদাতা :

সিলেটের বিশ্বনাথে মুজিববর্ষে পাওয়া ভূমিহীনদের ‘স্বপ্নের’ নতুন ঠিকানা আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতদের ঘরে ঈদ উপহার পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।
নতুন ঘরে আনন্দের সাথে বাসিন্দাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে ১০২টি পরিবারের মধ্যে এসব উপহার তুলে দেন তিনি। ঈদ উপহারের মধ্যে ছিল ১০ কেজি করে চাল, তেল, পিয়াজ, ডাল, লবণ ও বিস্কুট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস এই প্রতিবেদককে বলেন- নতুন পরিবেশে তারা যেন একা অনুভব না করেন এবং খাদ্যভাবে যেন তাদের ঈদের আনন্দে কমতি না হয়, সেজন্যে এসব উপহার তুলে দেওয়া হয়েছে। সরকার যে তাদের পাশে আছে, তা বুঝাতেই মূলত তাদের বাড়ি বাড়ি যাওয়া।




