বৃষ্টি উপেক্ষা করে সিলেটের ৪ হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :

বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লির উপস্থিতিতে সিলেটে পবিত্র ঈদুল আযহার একাধিক জামাত প্রায় ৪ হাজার বড়-ছোট মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকেই মুশলধারে ঝরা বৃষ্টির ধারা অব্যাহত ছিল ঈদের দিন সকাল পর্যন্ত। এরমধ্যেই ঈদের নামাজ আদায় করেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে। এই জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমাদ। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী’সহ সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেন।
বুধবার (২১ জুলাই) সকালে সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে মসজিদে হাজির হন। ঈদের জামাত আদায় করে করোনামুক্তির জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করেন তারা। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বিগত দিনগুলোর মতো এবারও সিলেট মহানগর ও অন্যান্য উপজেলার ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে- সিটি করপোরেশন এলাকা ও ইউনিয়নসমূহ মিলিয়ে মেট্টোপলিটন এলাকার সাড়ে ১১’শ মসজিদ ও জেলার ১৩ উপজেলার ২ হাজার ৬৭৩টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন- করোনা পরিস্থিতির কারণে মহানগর এলাকায় ঈদগাহের বদলে সাড়ে ১১’শ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন- সিলেট জেলার ১৩টি উপজেলায় ২৭১টি ঈদগাহ ও দুই হাজার ৮৬১টি মসজিদ রয়েছে। এরমধ্যে ২১২টি ঈদগাহ ও দুই হাজার ৪৬১টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।




