কোম্পানীগঞ্জে বিএনপি নেতা মনির উদ্দিনের ইন্তেকাল : দাফন সম্পন্ন
কোম্পানীগঞ্জ সংবাদদাতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সভাপতি মনির উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩ টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি নেতা মনির উদ্দিন বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অসুস্থ অবস্থায় তাকে বৃহস্পতিবার দুপুরে আইসিইউ সাপোর্টের জন্য নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আইসিইউতে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
মরহুমের নামাজে জানাযা ওইদিন রাত ৯টায় দক্ষিণ কলাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তিনি একই গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
এদিকে, মনির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মন্নান মনাফ, সাবেক সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান।




