১০ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করল নৌপুলিশ
সময় সংগ্রহ

মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে নৌপুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতি ও শুক্রবার চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় চাঁদপুর নৌ থানাপুলিশ। দুদিনের অভিযানে পাঁচ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত জালের সর্বমোট মূল্য আনুমানিক এক কোটি ৯৬ লাখ টাকা। এসব জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌপুলিশপ্রধান মো. আতিকুল ইসলাম জানান, কারেন্ট জাল সব প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষতিকারক। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণ এবং একই সঙ্গে বহির্বিশ্বে মাছ রফতনির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধ ঘোষণা করেছে সরকার। এটি বাস্তবায়নের জন্য নৌপুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
নদীমাতৃক এই দেশের নৌপথের সুরক্ষা ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌপুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




