সোমবার থেকে ওমরাহর আবেদন করতে পারবেন বিদেশিরা
আন্তর্জাতিক সময়

সৌদি আরব জানিয়েছে- (৯ আগস্ট) থেকে করোনার টিকা নেওয়া বিদেশিরা পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন।
করোনাভাইরাসের জন্য গত দেড় বছর ধরে বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ ছিল।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি রোববার দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।
প্রথম দিকে ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। ধীরে ধীরে তা দুই লাখে উন্নিত করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিদেশিদের ওমরাহর আবেদনের সঙ্গে করোনার টিকা নেওয়ার সনদও যুক্ত করতে হবে।
তবে বিদেশি নাগরিকদের সৌদি আরবে পৌঁছার পর সরকার অনুমোদিত কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় ঘরবন্দি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে এ প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার।
ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় সরকার, তবে শর্ত দেওয়া হয়- ওমরাহ ও হজ পালনের সময় যাত্রীদের অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।




