বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ: ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক
মোংলা সংবাদদাতা
মো. রুবেল খান, মোংলা (বাগেরহাট) থেকে : বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মৎস্য আহরণের সময় ভারতীয় একটি ট্রলার’সহ ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস সোনার বাংলা।
শনিবার (৭ আগস্ট) দুপুরে টহল দেওয়ার সময় এফবি স্বর্ণতারা নামে ভারতীয় ট্রলারটি জেলে’সহ আটক করে কোস্টগার্ড পশ্চিম (মোংলা) জোনের অধিনস্ত টহল জাহাজ বিসিজিএস সোনার বাংলা।
পরদিন রোববার দুপুর ১২টায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান এ তথ্য জানান।
তিনি জানান- মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে টহল দিচ্ছিল আমাদের কোস্টগার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করছিল এফবি স্বর্ণতারা নামক একটি ভারতীয় ট্রলার। এ সময় ট্রলারটির গতিপথ রোধ করে ১৩ জন ভারতীয়’সহ ট্রলারটি আটক করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলে’সহ এফ বি মা শিবানী ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলে’সহ এফবি মঙ্গল চন্ডি এবং চলতি বছরের ২৯ জানুয়ারী ২৮ জন জেলে শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দু’টি ট্রলার আটক করে কোস্টগার্ড।
তিনি আরও বলেন- বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




