সুনামগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার : পিকআপ, সিএনজি ও গরু উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিকআপ, সিএনজি ও ৩টি গরু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের মাওলানা বুরহান উদ্দিনের ছেলে আবু হানিফ সুহেল (৪০), শান্তিগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামের মৃত রিয়াছত আলীর ছেলে নুর মিয়া (৪২), ছাতক উপজেলার ভল্লবপুর গ্রামের আসকর আলীর ছেলে ওয়াসিম উদ্দিন হেলাল (৩৫), একই উপজেলার জাতুয়া গ্রামের মৃত আব্দুল ছত্তারের ছেলে আব্দুল খালিক (৪৫) ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হকের ছেলে নেছার আহমদ (৩১)।
আজ রোববার (৮ আগস্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ রোববার ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ অফিসের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ১২জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। কিন্তু তাদের সাথে থাকা একটি পিকআপ (সিলেট-ন-১১-০৯৩৪) ও একটি নাম্বার বিহীন সিএনজিসহ ৩টি চোরাই গরু ফেলে রেখে যায়। পরে সেগুলোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। আজকের ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় আলাদাভাবে চুরি ও ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।




