মেয়র আরিফের বিরুদ্ধে জালালী পংকীর বিবৃতি সাংগঠনিক নয়
স্টাফ রিপোর্টার

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী।
রোববার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন- করোনা মহামারিতে বিভিন্নভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর ও জেলা বিএনপি। কিন্তু এই দুঃসময়ে বিএনপির পাশে পাওয়া যায়নি মেয়র আরিফুল হক চৌধুরীকে।
তবে আব্দুল কাইয়ুম জালালী পংকীর আরিফবিরোধী এই বিবৃতি সম্পর্কে কিছু জানে না জেলা ও মহানগর বিএনপি। এটি সম্পূর্ণ ব্যক্তি অভিমত বলে জানিয়েছেন সিলেট বিএনপির দায়িত্বশীলরা।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন রোববার রাতে সংবাদ মাধ্যমকে বলেন- এমন বিবৃতির বিষয়ে আমরা কিছু জানি না। এটি আব্দুল কাইয়ুম জালালী পংকীর ব্যক্তিগত অভিমত হতে পারে। এই বিবৃতি সাংগঠনিক নয়।
বিষয়টি স্বীকার করেছেন- আব্দুল কাইয়ুম জালালী পংকীও। তিনি বলেন- এই বিবৃতি সাংগঠনিক নয়। তবে আমি দীর্ঘদিন ধরে যে বিষয়টি অবলোকন ও উপলব্ধি করছি, সেটি বিবৃতির মাধ্যমে তুলে ধরেছি। বিএনপির কোনো কার্যক্রমেই আরিফুল হক চৌধুরীর সক্রিয় অংশগ্রহণ নেই। যদিও তিনি দলের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
বিবৃতি সম্পর্কে সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী রোববার রাতে এই প্রতিবেদককে বলেন- এই বিবৃতি সম্পর্কে আমি বিস্তারিত জানি না।
মেয়র বলেন- সিলেট নগরবাসী ও দল জানে আমি মানুষের জন্য কতটা কাজ করছি। সুতরাং একজন ব্যক্তি বা কোনো বিদ্বেষী মহল কী বললো তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি আমার জীবন বাজি রেখে মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। জাতীয়তাবাদী শক্তি ও চেতনার একজন সৈনিক হিসেবে আমার অ্যাক্টিভিটি কতটা, তা সংগঠন দেখছে। সুতরাং প্রতিহিংসাপরায়ণ ব্যক্তিবিশেষের বক্তব্যে কান না দেওয়াই উত্তম।




