দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা : থানায় অভিযোগ
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : পূর্বশত্রুতার জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামে গত বুধবার দুপুরে প্রতিপক্ষরা এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধার ছেলে’সহ দু’জনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়- উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হাবিবুরল্লাহ ছেলে উসমান গনির সঙ্গে একই গ্রামেন জামাল উদ্দিন গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার উসমান গনির বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা এ সময় মুক্তিযোদ্ধা স্ত্রী মল্লিকা বেগম ও ছেলে উসমান গনিকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় পর থেকে তাদের বাড়ির রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ছেলে উসমান গনি বাদী হয়ে রাতে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান- মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।




