দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : ৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কালিউরি, খাসিয়ামারা, চেলা, মরাচেলা, চিলাই, চলতি, ধূমখালি ও ছাগলচোরাসহ বিভিন্ন হাওর, খাল-বিলে হু-হু করে পানি বাড়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজাারে তৃতীয় দফা বন্যার আশংকা করা হচ্ছে।
বিভিন্ন সড়কে ভাঙন, ফাঁটল ও ব্রীজের অ্যাপ্রোচে মাটি না থাকায় নিমজ্জিত হওয়াতে উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বেহাল দাঁড়িয়েছে।
রাস্তা, মাঠ-ঘাট ও গোচারণ ভুমি নিমজ্জিত হলে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সদ্য রোপন করা আমনের চারা ও বীজতলা নিয়ে শংকিত রয়েছেন কৃষকরা। হু-হু করে পানি বাড়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শতাধিক মৎস্য খামারি।
এদিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার ও সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজারে বৈঠাখাইবাজারে পানি ঢোকায় বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। এ রিপোর্ট লিখা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে।

এ ব্যপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারাক্ষণ খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেন- আশংকাজনক কোনো ক্ষয়ক্ষতি হলে উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক জানাতে স্থানীয় ইউপি জনপ্রতিনিধিরা তৎপর রয়েছেন। এছাড়া বন্যা মোকাবেলায় জরুরী ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।




