কাঁচা মরিচের দামে অস্থিরতা : মূল্য স্বাভাবিক রাখতে আমদানি করেছে সরকার
সময় সিলেট ডেস্ক

সরবরাহ কমের অজুহাতে দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা বিরাজ করছে। ঠিক এ সময় পণ্যটির দাম স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয় ভারত থেকে।
রোববার (১৫ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে কাঁচা মরিচের কিছুটা সরবরাহ বেড়েছে। তবে আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
অন্যদিকে তিনদিন আগে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। অনেকটাই দাম কমেছে দেশীয় মরিচের।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত সপ্তাহে মরিচ কিনেছিলাম মাত্র ৬০ টাকা কেজি, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ১০০ টাকা। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে শুনে দাম কমবে মনে করলাম। যে পরিমাণ কমার কথা সে পরিমাণে কমেনি।
হিলির খুচরা বিক্রেতা আব্দুল মজিদ জানান, দেশি কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। তবে আরও দুই একদিন গেলে দাম স্বাভাবিক হয়ে আসবে। অন্যদিকে আমদানি সবে শুরু হওয়ায় ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এলসির মরিচ।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান- শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। হিলি বন্দরের আমদানিকারকরা বেশি বেশি কাঁচা মরিচের এলসি করেছেন। এলসি করা কাঁচা মরিচ দেশে এলে দাম আরও স্বাভাবিক হয়ে আসবে।




