চেঙ্গের খালে নৌকাবাইচ অনুষ্ঠিত: ঐতিহ্যের টানে হাজারো মানুষের জমায়েত
স্টাফ রিপোর্টার

প্রতি বছরের ন্যায় এবারও সিলেট শহরতলীর মোগলগাঁও ইউনিয়নে চেঙ্গের খাল নদীতে আয়োজন করা হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মোগলগাঁও গ্রামবাসীর আয়োজনে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে নৌকাবাইচ প্রতিযোগিতা।
গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্য দেখতে জমায়েত হয়েছিলেন হাজার হাজারও উৎসুক দর্শক। সবমিলিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সে এলাকায় বিরাজ করছিল অন্যরকম দৃশ্য। নৌকাবাইচকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে চলছিল উৎসাহ-উদ্দীপনা।
স্থানীয়রা জানান, গ্রামবাংলার অতি পরিচিত সংস্কৃতি এই নৌকা বাইচ প্রতিযোগিতা নানা কারণে আজ বিলীন হতে চলেছে। আগে প্রতিবছর এই নদীতে একাধিক বাইচের আয়োজন হলেও গত বছর করোনা মহামারির জন্য আয়োজন করা হয়নি। এবছর নৌকাবাইচকে কেন্দ্র করে এই এলাকা পরিণত হয় মিলনমেলায়।
এবছর প্রতিযোগিতায় মোট ১৪টি নৌকা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয় জৈন্তাপুর উপজেলার (ছাতার খাল গ্রামের) নৌকা, দ্বিতীয় হয় গোয়াইনঘাট উপজেলার (লেঙ্গুড়া গ্রামের নৌকা) নৌকা এবং ৩য় হয় কোম্পানিগঞ্জ উপজেলার নৌকা। ১ম পুরস্কার ছিল ১টি ষাঁড়, ২য় পুরস্কার ছিল ১টি ছাগল ও ৩য় পুরস্কার ছিল ১৪ ইঞ্চি টিভি।
নৌকা বাইচে বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী।




