রাষ্ট্রীয় মর্যাদা আর অশ্রুসিক্ত ভালোবাসায় শায়িত হলেন এড. লুৎফুর রহমান
স্টাফ রিপোর্টার

অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান লুৎফুর রহমান।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাকে সিলেট নগরীর মানিকপীরস্থ টিলায় দাফন করা হয়।
এর আগে বেলা আড়াইটায় প্রবীন এই রাজনীতিকের নামাজে জানাযা নগরীর আলিয়া মাদরাসা মাঠে অনু্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে সেখানে সিলেটের জেলা প্রসাসনের পক্ষে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাযার ইমামতি করেন- সিলেটের বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি।
এদিকে জুম্মার নামাজের পরপরই জানাযার স্থল আলিয়া মাঠে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষ লুৎফুর রহমানের জানাযায় অংশ নেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক’সহ দলের কেন্দ্রীয় ও সিলেটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, প্রশাসন’সহ হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এরা আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় তার মরদেহ সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এসময় নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান গণপরিষদের সাবেক এই সদস্যকে।
সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮২ বছর।
বঙ্গবন্ধুর সাহচর্য পাওয়া এই রাজনীতিবিদ সিলেটের সকলের কাছে ছিলেন সম্মানিত। রাজনীতিতে অভিভাকসুলভ। শুক্রবার তার শেষ যাত্রায়ও এই শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা টার দিকে লুৎফুর রহমান নগরের নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিন দিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে লুৎফুর রহমানকে মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পেশায় আইনজীবী লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামে। সিলেট নগরীর আম্বরখানার বড়বাজারস্থ বাসায় তিনি বসবাস করতেন।




