হাবিবের বিজয়ে যুক্তরাজ্যে নেতাকর্মীদের উচ্ছ্বাস
সময় সিলেট ডেস্ক

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাহিবুর রহমান হাবিব বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার উপ-নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।
বিজয়ী হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তাঁর বিজয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেছেন। হাবিবের জয়ের খবরের পরই যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মিষ্টি মুখ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ফেসবুকে লিখেছেন- ‘অভিনন্দন সিলেট-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বন্ধু হাবিবুর রহমান হাবিব। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সিলেট-৩ আসনে সঠিক ও তৃণমূলের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। হাবিব এই আসনে বিজয়ী হয়ে নেত্রীর আস্থার প্রতিদান দিয়েছেন। আমি সিলেট-৩ আসন তথা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও ভোটারদের ধন্যবাদ জানাই। আপনারা শেখ হাসিনার প্রার্থীর উপর আস্থা রেখেছেন এবং তাঁকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবির নানক’সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা, মহানগর ও সকল উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা দিনরাত পরিশ্রম করে নৌকার প্রার্থীর বার্তা, শেখ হাসিনার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে নৌকার বিজয়কে সুনিশ্চিত করেছেন। আপনাদের এই নিঃস্বার্থ সহযোগিতা ও কঠোর পরিশ্রম ছাড়া কোনোভাবেই এই বিজয় সম্ভব হতো না।
প্রশাসনের প্রতিও ধন্যবাদ জানাই। আপনারা একটি সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন উপহার দিতে পেরেছেন, ভোটারদের নিশ্চিন্তে নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমাবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে খুব শীঘ্রই সিলেট-৩ আসন একটি মডেল সংসদীয় আসনে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি।’
লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ লিখেছেন- ‘অভিনন্দন হাবিবুর রহমান হাবিব ভাই, বিপুল ভোটে নব নির্বাচিত সংসদ সদস্য সিলেট-৩। নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনে ভোটাররা যোগ্য নেতৃত্ব বেঁচে নিয়েছে।’
লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনাম হোসেন লিখেছেন- ‘অভিনন্দন হাবিবুর রহমান হাবিব, সিলেট-৩ এর জনগণ আপনার মত সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করতে ভুল করেনি। আল্লাহ আপনার ও আমাদের আশা পূরণ করেছেন।’
যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাদাত ফারাজী জয় লিখেছেন- ‘সিলেট-৩ আসন উপনির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।’




