গোলাপগঞ্জে স্টুডেন্টস ক্লাব গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গোলাপগঞ্জ স্টুডেন্টস ক্লাব গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জের একটি অভিজাত পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন। এ সময় তিনি বলেন- চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আমাদের গুণগত শিক্ষা, সততায় পরীক্ষিত ও যোগ্যতায় নির্ভরশীল দক্ষ নেতৃত্ব অপরিহার্য।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন- শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, আগামীতে জাতি পরিচালনা তারাই করবে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
সভায় সর্বসম্মতিক্রমে গোলাপগঞ্জ স্টুডেন্ট ক্লাবের কমিটি গঠন করা হয়। কমিটির পরিধি ও নেতৃবৃন্দের নাম আগামীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




