পরিচয় মিলেছে দোয়ারাবাজারে কুড়িয়ে পাওয়া শিশুটির
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্সের সামনে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিচয় মিলেছে। পরিচয় সনাক্তের পর শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির নাম আমিরুল ইসলাম (৮)। সে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের উত্তর আলমখালী গ্রামের ইউসুফ আলীর ছেলে। তবে শিশুটি হারিয়ে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানা সম্ভব হয়নি।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় ওই শিশুটিকে উপজেলা কমপ্লেক্সের সামনে কুড়িয়ে পেয়ে দোয়ারাবাজার থানায় নিয়ে আসেন সদর ইউপি চেয়ারম্যান এম.এ বারী ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম। পরে অজ্ঞাতনামা শিশুটি থানার তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। এ বিষয়টি দোয়ারাবাজার থানার (ওসি) নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুর ছবিসহ একটি স্ট্যাটাস দেন।
পরে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান চেয়ে ‘দৈনিক সময় সিলেট’সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজে সংবাদ প্রকাশিত হয়। তাছাড়া ‘ওসি দোয়ারাবাজার’ পেইজটির স্ট্যাটাস অসংখ্য মানুষ শেয়ার দিলে মুহুর্তের মধ্যে এটি ভাইরাল হয় এবং শিশুর অভিভাবকদের নজরে পড়ে।
খবর পেয়ে স্বজনরা থানার ওসির কাছে ছুটে আসেন এবং শিশুটি সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর বলেন- শিশুটি সুস্থ আছে এবং শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




