বিয়ানীবাজারে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ৫০
বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজারের আলীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত রামদা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সংঘর্ষস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জানা যায়- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলীনগর ইউনিয়নের রামধা বাজারে চন্দগ্রাম ও হেতিমখানি গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘন্টাব্যাপী দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছেন। রাতের বেলা সড়কের উভয় পাশে যানবাহন আটক পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। পরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে রাত সোয়া ১১ টায় থেকে যানবাহন ফের চলাচল শুরু করে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন- দু’পক্ষে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সবার সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে। তিনি বলেন- আহত অনেক হলেও তাদের নাম-পরিচয় এখনও জানা হয়নি। ওসি বলেন- এ ঘটনায় থানায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




