কানাইঘাটে নারীর শ্লীলতাহানি : আরও ১ যুবক গ্রেফতার
কানাইঘাট সংবাদদাতা

সিলেটের কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের পঞ্চাশোর্ধ্ব চার সন্তানের জননী সেই নারীকে চাঁদার জন্য যৌন হেনস্তা ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় আব্দুল জব্বার নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল জব্বার (২২) কে উপজেলার গাছবাড়ী-হরিপুর রাস্তা থেকে গ্রেফতার করে। ধৃত আব্দুল জব্বার পর্নোগ্রাফি মামলার ২ নাম্বার আসামি এবং আগতালুক গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান- আসামি আব্দুল জব্বারই ওই নারীর শ্লীলতাহানি ও ভিডিও ধারণ করেছিল। তার মোবাইল আমরা জব্দ করেছি এবং তাকে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত ২৩ আগস্ট রাতে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির ঘটনাটি ঘটলে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বেনামি একাধিক আইডি থেকে সাড়ে ৪ মিনিটের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নির্যাতিত নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
থানা পুলিশ গত ১৫ সেপ্টেম্বর বুধবার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে এজাহার নামীয় আসামি আব্দুল্লাহ ও সায়েদ উল্লাহকে গ্রেফতার করে।




