শ্যালকের আঘাতে প্রাণ গেল ভগ্নিপতির
সময় সংগ্রহ
কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালক শহিদুল ইসলামের (২৫) আঘাতে শাহজাহান আলী (৪০) নামে এক ভগ্নিপতি নিহত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে নিহতের স্ত্রী শরীফা খাতুনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে এবং ঘাতক শহিদুল ইসলাম পলাতক।
সোমবার দুপুরে দিকে পারিবারিক কলহের জের ধরে শ্যালক শহিদুল ইসলাম নলকূপের লোহার হাতল দিয়ে পেছন দিক থেকে মাথায়-পিঠে আঘাত করলে গুরুতর আহত হন ভগ্নীপতি শাহজাহান আলী। এ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করা হয়। এখানে সোমবার দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে শাহজাহান আলীর মরদেহ ময়মনসিংহ থেকে রাজিবপুর উপজেলা হাসপাতালে আনা হয়।
এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদর ইউনিয়নের দক্ষিণ মদনেরচর গ্রামের মৃত শহীদ আলীর পুত্র শাহজাহান আলী প্রায় ১০ বছর আগে পাশের মুন্সিপাড়া গ্রামের ছমের আলীর কন্যা শরিফা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। তাদের দু’টি পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন: করোনাকালে এত আত্মহত্যার কারণ কী?
নিহতের চাচা আকবর আলী জানান, শাহজাহান ও তার স্ত্রী শরিফা খাতুন দুই জনের জমানো টাকা দিয়ে একটি পাওয়ার টিলার কিনে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন তারা। এ অবস্থায় সোমবার সকালে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে শাহজাহান রাগ করে বিক্রি করার কথা বলে বাড়ি থেকে পাওয়ার টিলার নিয়ে বের হয়ে যায়।
এ সময় স্ত্রী শরীফা খাতুন মোবাইল ফোনে ঘটনাটি তার ভাই শহিদুল ইসলামকে জানায়। বোনের কাছ থেকে ঝগড়া এবং পাওয়ার টিলার বিক্রি করে দেওয়ার খবর ক্ষিপ্ত হয়ে পথিমধ্যে ভগ্নিপতি শাহজাহান আলীর দেখা পেলে আকস্মিকভাবে নলকূপের লোহার হাতল দিয়ে পিছন দিক থেকে মাথায় ও পিঠে আঘাত করে শহিদুল। এই আঘাতে সাথে সাথে মাটিতে পড়ে যান শাহজাহান আলী।
এ অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ প্রসঙ্গে রাজিবপুরে থানার ওসি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের চাচা আকবর আলী নিহতের স্ত্রী শরীফা খাতুন ও তার ভাই শহিদুল ইসলামকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর আসামি শরীফা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। এছাড়া অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেইসঙ্গে তদন্তকাজ অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।





