বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সময় সংগ্রহ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামে মৃত আনছার আলীর ছেলে কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫১)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- নতুন ঘরের ফ্লোরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে স্বামী-স্ত্রী দুইজনই একসঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত দম্পতির দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। একসঙ্গে দম্পতির ওই বাড়িতে ছেলে-মেয়েসহ তাদের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





