বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় চার কলেজছাত্রী আহত
স্টাফ রিপোর্টার

সিলেট-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার-বারইগ্রাম অংশের জলঢুপ এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী চার কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের পা ভেঙ্গে গেলে তাকে তাৎক্ষনিক সিলেট প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর পরই ট্রাক ও সিএনজি অটোরিক্সার চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহত চার ছাত্রীকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে জরুরী বিভাগের চিকিৎসকফা আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
তবে গুরুতর আহত রাশেদা বেগমকে সিলেট পাঠানো হয়েছে। তার বাড়ি মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে। এই চারজনই বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দুর্ঘটনা কবলিতস্থানে ক্ষতিগ্রস্থ সিএনজি অটোরিক্সা ও ট্রাকটি পড়ে রয়েছে। বারইগ্রাম যাওয়ার পথে অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে ট্রাক ও অটোরিক্সা জব্দ করেছে।




