সিলেটে ব্যাংক লুট : চার আসামির পাঁচ দিনের রিমান্ড
স্টাফ রিপোর্টার

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনায় গ্রেপ্তার চার জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান।
এর আগে গত ১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর শেরপুরস্থ নতুনবাজারে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে ২৪ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। ঘটনার দৃশ্য ধারণ হয় সিসি ক্যামেরার ফুটেজে। এ ঘটনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে দস্যুতার মামলা করা হলে শুরু হয় অভিযান। অভিযানে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম। গ্রেফতারের পর গতকাল সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এটিএম বুথ লুটের ঘটনা দেশে বিরল উল্লেখ করে এ ঘটনার যাতে পুরাবৃত্তি না ঘটে সেজন্য ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানান।




