দিরাইয়ে একমিনিটের ব্যবধানে দু’বার টিকা দেয়ার ঘটনা ঘটেছে
দিরাই সংবাদদাতা

আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : কোভিড ১৯ করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন টিকাদান কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটের দিকে দিরাই উপজেলার ৩নং রাজানগর ইউনিয়নের কে সি পি উচ্চবিদ্যালয়ে টিকা গ্রহনে হাজার মানুষের সমাগম ঘটে।
এতে টিকা নিতে ইচ্ছুক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফাতেমা নগর গ্রামের তারিফ উল্লার ছেলে মো. নানু মিয়া টিকা নিতে গেলে টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ টিকা নিয়ে চেয়ার থেকে ওঠার আগেই নানুর শরীরে দ্বিতীয়বার টিকার সিরিন্স পুঁতেন কর্তব্যরত সেবক।
নানু মিয়া বলেন- আমি টিকা নিয়ে একটু দূরে গেলেই বিষয়টি অনেকেরই জানাজানি হয়ে যায় তখন দায়িত্বশীল সেবকরা বিষয়টি গোপন রাখতে অনুরোধ জানান। তিনি বলেন- আমি এতোসব বুঝিনা, আমি ভাবছি আজ মনে হয় দুইটা একসাথেই দেবে। নানু বলেন- আমি স্বাভাবিকই আছি।
এ ব্যাপারে টিকাদান কার্যক্রম পরিচালনায় থাকা উপজেলা হেলথ্ ইন্সপেক্টর নভেন্দু চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন- বিষয়টি আমার জানা নেই, আর যদি ঘটে থাকে তাহলে আমি হয়তো এসময় বাহিরে ছিলাম। নভেন্দু চৌধুরী জানান- প্রথম ডোজ টিকাদানে রাজানগর ইউনিয়নে আজ টিকা বরাদ্দ ছিলো ৯০০ তার মধ্যে ৮৯৭ জন নারী-পুরুষ টিকা গ্রহন করেছেন।




