সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডের আদেশ
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে তৈয়বুর রহমান হত্যা মামলায় লুৎফুর মিয়া (৩৫) নামের একব্যক্তিকে মৃত্যুদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ দন্ডপ্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুর মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শ গুচ্ছগ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে।
সুনামগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সুহেল আহমদ ছইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়- ২০০৮ সালে ২২ ফেব্রয়ারি রাত ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শ গুচ্ছগ্রামে তৈয়বুর রহমানের বড়ভাই মিজানুর রহমানের স্ত্রী সিতানুর নেছার সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এসময় একই গ্রামের বাসিন্দা সিতারুন নেছার ভাই তৈয়বুর রহমান ঝগড়া মিমাংসার জন্য এগিয়ে গেলে তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় লৎফুর মিয়া। এক পর্যায়ে লুৎফুর মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে তৈয়বুর রহমানের বুকে ও পিঠে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় তৈয়বুর রহমানের বোন সিতারুন নেছা বাদী হয়ে ওইদিনই সুনামগঞ্জ সদর থানায় লুৎফুর মিয়া, তার ভাই মিজানুর রহমান’সহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ১৫ মে এ মামলায় লুৎফুর মিয়া ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে পুলিশ। এরপর দীর্ঘ শুনানী শেষে আদালত আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আদালত মিজানুর রহমানকে বেখসুর খালাসের নির্দেশ দেন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুর মিয়া পলাতক থাকায় থাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।




