বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত কন্যাদায়গ্রস্থ দরিদ্র কালা মিয়া
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের লামারগাঁও ধূপনিখলা গ্রামের ৫৮ বছর বয়সি কালা মিয়া মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। ভিটে ছাড়া কোন সহায় সম্বল না থাকায় কোনক্রমে কিছু টাকা সংগ্রহ করে শরণাপন্ন হয়েছিলেন একজন ক্যান্সার বিশেষজ্ঞের। তার তত্ত্বাবধানে নেন একটি কেমোথেরাপিও। এরপর প্রচন্ড অর্থাভাবে থেমে যায় কালা মিয়ার চিকিৎসা। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে সন্তানের জনক। বড় মেয়ে স্বামী পরিত্যক্ত হয়ে শিশুসন্তান নিয়ে আছেন তার কাছেই। অপর দু’জন বিবাহ উপযুক্ত।
অন্যের বাড়িতে কাজ করে কন্যাদায়গ্রস্ত কালা মিয়ার সংসার চালাতেন তার স্ত্রী। দুর্ঘটনায় পা ভেঙ্গে তিনিও হয়েছেন শয্যাশায়ী। এ অবস্থায় স্ত্রীর চিকিৎসা, তিন মেয়ে ও নাতি নিয়ে অকুল সাগরে পড়েন কালা মিয়া। এই দুঃসময়ে ‘মরার উপর খাড়ার ঘা হয়ে’ গলায় ধরা পড়ে ক্যান্সার। এখন তার নিজেরই চিকিৎসায় ৬/৭ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তার বড় মেয়ে সাবিলা বেগম।
তিনি জানান- ‘নিজেদের শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করেও এত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। তাই, আমার ক্যান্সার আক্রান্ত পিতার চিকিৎসার জন্যে সমাজের বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসার আকুতি জানাচ্ছি।’
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন- ‘ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র কালা মিয়ার চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সকলের আর্থিক সহযোগিতাই পারে তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাতে।’
দেশ-বিদেশের যে কেউ কালা মিয়াকে আর্থিক সহায়তা পাঠাতে পারেন এই নাম্বারে (Most. Sabila Begum, A/c No: 5608501003583, Sonali Bank Limited, Court Bullding Branch, Sylhet) অথবা ০১৭৯০ ৪৮১৩৪০ (কালা মিয়ার বিকাশ নাম্বার)।




