একমাসের মধ্যেই আবরার হত্যা মামলার রায়: আশা রাষ্ট্রপক্ষের
সময় সংগ্রহ
বিগত দুই বছর যাবৎ বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার। তবে আর একমাসের মধ্যেই রায় পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেছে রাষ্ট্রপক্ষ।
বোধবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনার দুই বছর পূর্ণ হল।
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইঞা গণমাধ্যমকে বলেছেন- মামলাটির বিচার কার্যক্রম করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেরি হয়ে যায়। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মামলাটির রায় হবে। আমরা কাঙ্ক্ষিত রায় পাব এবং ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পাবে।
তিনি আরও জানান- করোনাকালীন দীর্ঘ ছুটির পাশাপাশি রাষ্ট্রপক্ষের ভুলের দরুণ পুনরায় অভিযোগ গঠন, বিচারকের প্রতি আসামিপক্ষের অনাস্থা, বিচারকের করোনায় আক্রান্ত হওয়ায় এ মামলার বিচার বিলম্বিত হয়েছে বার বার।
বর্তমানে বহুল আলোচিত এ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। পরবর্তীতে আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটির বিচার কার্য শেষে রায় হবে।
অপরদিকে দুই বছর পূর্ণ হওয়ার পরও মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আবরারের বাবা বরকতউল্লাহ। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন- আশা করি, ছেলে হত্যা মামলা বিচার কার্যক্রম তাড়াতাড়ি শেষ হবে এবং রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সে বছরের ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত হলেও বিচারক করোনায় আক্রান্ত হওয়ায় তা পিছিয়ে যায়। পরে ২০ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।





