বিয়ানীবাজারে অটোরিকশা চালকদের মানববন্ধন অনুষ্ঠিত
বিয়ানীবাজার সংবাদদাতা

সিলেট জেলার সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্র ৭০৭ এর অন্তর্ভুক্ত বিয়ানীবাজারের কোনাগ্রাম-ছোটদেশ ও মোকাম রোড শাখার গাড়ি ভাঙা ও চালককে মারধরেরর হুমকি দেওয়ার প্রতিবাদে বিয়ানীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিএনজি অটোরিকশা চালকরা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় পৌরশহরের মোকাম রোডে আধা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট জেলার সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি চট্র ৭০৭ এর অন্তর্ভুক্ত বিয়ানীবাজারের কোনাগ্রাম-ছোটদেশ ও মোকাম রোড শাখার সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ বাবুল আহমদসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
অটোরিকশা চালকদের অভিযোগ- গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ছোটদেশ গ্রামের আলী হোসেন নামের এক যাত্রী ন্যায্য ভাড়া না দিয়ে চলে যাবার জেরে অটোরিকশা চালক আব্দুল বাছিতের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে আলী হোসেন নামের ওই যুবককে চালক আব্দুল বাছিতকে মারধর ও তার গাড়ি ভাংচুর করার হুমকি প্রদান করেন। এ অবস্থায় অটোরিকশা চালক আব্দুল বাছিত শঙ্কার মধ্যে আছেন।
এ সময় অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ বলেন- আমরা এই ব্যাপারে আইনি সহযোগিতা কামনা করছি। যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লোকাল পরিবহণ সেবা বন্ধ থাকবে।
এদিকে, এর আগে গাড়ি ভাংচুর ও চালককে মারধর করার হুমকি প্রদানকারী আলী হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুল বাছিত। একইসাথে এই ঘটনায় লোকাল পরিবহণ সেবা বন্ধ রেখেছেন স্থানীয় সিএনজি অটোরিকশা চালকরা। অন্যদিকে, সিএনজি চালিত অটোরিকশার লোকাল পরিবহণ সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।




