সাংবাদিক এনামুল কবীরকে হত্যার হুমকি : এসএমএস মিডিয়া’র উদ্বেগ
সময় সিলেট ডেস্ক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও অনলাইন সংবাদপত্র সিলেট প্রতিদিন ২৪ ডটকম’র বার্তা সম্পাদক এনামুল কবীর-কে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ২০২৪/২০/১০/২০২১) করেছেন তিনি।
ডায়েরিতে এনামুল কবীর উল্লেখ করেন- সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকার নিলয়-৩ নম্বর বাসার জনৈক গোলাম সরোয়ারের ছেলে টিংকু তাকে সরাসরি হত্যা হুমকি দেয়। তিনি ঐ বাসার একটি কক্ষে ভাড়াটিয়া হিসাবে গত ১ অক্টোবর ২০২১ থেকে বসবাস করছিলেন। কিন্তু ঘরের চাল নষ্ট হওয়ায় ঐ ঘরে উঠতে চাননি এনামুল কবীর। তবে টিংকু ও তার পক্ষের লোকজন সেটি ঠিক করে চালা পাল্টে টিন লাগিয়ে দেয়ার আশ্বাস দিলে তিনি ২৯ সেপ্টেম্বর রাতে অগ্রিম একমাসের ভাড়া পরিশোধ করেন এবং ৩০ সেপ্টেম্বর তার বইপত্র বিছানাসহ আসবাবপত্র বাসায় রেখে ছুটিতে চলে যান। ৩ অক্টোবর ফিরে এসে দেখেন তার বইপত্র বিছানাসহ সব আসবাবপত্র ভিজে গেছে। এমনকি ঘরময় হাঁটু পানি জমা। এ অবস্থায় সাংবাদিক এনামুল কবীর প্রতিবাদ করলে আবারও তারা দ্রুত চালা ঠিক করার আশ্বাস দেয়। গত ১৭ অক্টোবর রাত ১২টায় কাজ শেষে বাসায় ফেরার পর টিংকু হঠাৎ তাকে ডেকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে না গেলে হত্যার হুমকি দেয়।
ডায়েরিতে এনামুল কবীর উল্লেখ করেন- এরপর তিনি ঘরে গিয়ে তার জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ কর্মরত পত্রিকার আইডি কার্ড, হেলথ কার্ডসহ অন্যান্য মূল্যবান ডকুমেন্ট পাচ্ছেন না। সেগুলো চাইতে গেলে টিংকু আবারও তাকে গালাগাল এবং হত্যার হুমকি দেয়।
এনামুল কবীর তার মূল্যবান ডকুমেন্ট উদ্ধার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
এদিকে, প্রতিশ্রুতিশীল সাংবাদিক এনামুল কবীর-কে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
বুধবার রাতে দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সাংবাদিক এনামুল কবীর’র জান-মালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত’সহ হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান- এসএমএস মিডিয়া’র চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন এবং পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।




