কাষ্টঘর থেকে তিন পেশাদার ছিনতাইকারী আটক
নগর সংবাদদাতা

সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে তিন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে র্যাব-৯ সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘর পয়েন্টস্থ সুইপার কলোনীর সামনে থেকে তাদের আটক করে।
আটক ছিনতাইকারীরা হলো- হবিগঞ্জ সদর উপজলার উচাইল সংকর পাশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুনায়েদ ইসলাম (২১), সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার মৃত সাকিনুর রহমানের ছেলে শাকিল মিয়া (১৯) ও নগরীর চৌকিদেখি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে ফয়েজ আহম্মেদ (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। তিনি জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজন স্বীকার করে যে, আটক তিনজন পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সিলেট নগরীর বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা জিনিসপত্র ছিনতাই করে আসছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।




