শান্তিগঞ্জে ইউপি নির্বাচনে ৪৯০ প্রার্থীর মনোনয়ন জমা
শান্তিগঞ্জ সংবাদদাতা

গত ১৪ অক্টোবর তৃতীয় ধাপে ১০০৭টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন ও পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জের ৮ টি ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ মঙ্গলবার পর্যন্ত।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়- ইউনিয়ন নির্বাচনে প্রার্থিতার জন্য ৮টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৪৪ জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৮ জন ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ প্রতিকে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৩৩ জন। এরমধ্যে শিমুলবাঁক ইউনিয়নে ৫ জন, পাথারিয়ায় ৬ জন, পশ্চিম পাগলায় ৩ জন, পূর্ব পাগলায় ৭ জন, পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৫ জন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ৬ জন, দরগাপাশায় ৪ জন ও জয়কলস ইউনিয়নে ৮ জনসহ ৪৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।
এদিকে ৮ ইউনিয়নে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৫১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৯৫ জন প্রার্থী।
উপরোক্ত তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন- আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন সহ মোট ৪৯০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে বলেও জানান তিনি।




