বিজিবি-বিএসএফ’র নিস্ফল বৈঠক: উদ্ধার হয়নি কানাইঘাটের দুই লাশ
কানাইঘাট সংবাদদাতা

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে পড়ে থাকা দুই বাংলাদেশির লাশ নিয়ে বিজিবি-বিএসএফ এর বৈঠক অমিমাংসিতই থাকলো। এমন বাস্তবতায় দুই দিন পরও লাশ দুটি ফেরত আনার বিষয়ে কোন সুরাহা হলো না।
জানা যায়- বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশের ডোনা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফ এর বৈঠকে দুই বাংলাদেশীকে হত্যার দায় স্বীকার না করে বিএসএফ চলে যায়।
নিহত আরিফ ও আসকর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। ৩নং ইউপি সদস্য আবুল কালাম জানান- আমরা দিনভর বিজিবি-বিএসএফ’র সাথে বৈঠকে উপস্থিত ছিলাম কিন্তু বিএসএফ নিহতের ঘটনার দায় স্বীকার না করে চলে যাওয়ায় লাশ দুটি সীমান্তের ওপারে পড়ে রয়েছে। উদ্ধার করা সম্ভব হয়নি।
থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান- বিজিবি-বিএসএফ’র বৈঠক অমীমাংসিত থাকায় বাংলাদেশী ২ যুবকের লাশ সীমান্তের ওপারে পড়ে আছে। বিষয়টি সীমান্তবর্তী হওয়ায় বিজিবি তাদের ঊর্ধ্বতনদের মাধ্যমে লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে অথবা পরদিন বুধবার ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলো পুলিশ। এমনকি পুলিশ ও স্থানীয়দের ধারণা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তাদের মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা জানান- মঙ্গলবার বিকালে তাঁরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর ফেরেননি। বুধবার ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয়রা লাশ দেখতে পান।
ওই দুই যুবক কেন ভারত অভ্যন্তরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে- এমন প্রশ্নে কানাইঘাট থানার ওসি বলেন- ‘ভারত অভ্যন্তরে প্রচুর সুপারি বাগান আছে। ধারণা করা হচ্ছে সুপারি আনতে গিয়ে থাকতে পারে।’




