শনিবার সিলেটে সম্প্রীতির সাংস্কৃতিক প্রতিবাদ
সময় সিলেট ডেস্ক

সাম্প্রদায়িক অন্ধকারকে তাড়িয়ে আলোর প্রত্যাশায় ‘সম্প্রীতির সাংস্কৃতিক প্রতিবাদ’ কর্মসূচি পালন করবে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন ও আলোক মিছিলের মধ্যদিয়ে শুরু হবে এ কর্মসূচি। পরে শহীদমিনার প্রাঙ্গণে হবে সাংস্কৃতিক সমাবেশ।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম এই আয়োজন সম্পর্কে বলেন- বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতা, উগ্রতা আজ এক প্রধান সমস্যা। মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনার শপথে পাওয়া আমাদের প্রিয় এই মাতৃভুমিও আজ এই অন্ধত্ব, এই নোংরা খেলার অংশ হয়ে যাচ্ছে। আমরা চাই, বাংলাদেশ হোক সব মানুষের নির্ভয় জন্মভূমি।
এই আয়োজনের অন্যতম সংগঠক তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু জানান- সাংস্কৃতিক সমাবেশে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ-সিলেট, আনন্দলোক-সিলেট, গীতবিতান-বাংলাদেশ, উদীচী-সিলেট, মৃত্তিকায় মহাকাল’সহ আরও অনেকে অংশগ্রহণ করবে। প্রথমেই আলোক প্রজ্জ্বলন ও জাতীয় সংগীত। এরপর আলোর মিছিল। মিছিল শেষে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে সিলেটের অসাম্প্রদায়িক চেতনার বিবেকবোধ সম্পন্ন নাগরিকদের এই কর্মসুচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে একত বিজ্ঞপ্তিতে বলা হয়- আসুন, সবাই মিলে ঐক্যের বন্দনা করি। আসুন, আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বদেশ মানূষের বাসযোগ্য করার জন্য লড়াই শুরু করি। নিজেদের প্রস্তুত করি। আলোক প্রজ্জ্বলন করি। বিষাদের কালো মেঘ সরিয়ে নতুন দিনের আশা নিয়ে আলো হাতে আলোর মিছিলে নামি।




