সিলেটে আলোর মিছিলে সাম্প্রদায়িক আঁধার তাড়ানোর আহ্বান
স্টাফ রিপোর্টার

সময়ের নানা ঘটনার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সময় রাজপথে নামে সিলেটের নাগরিকদের সংগঠন ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’। এর অংশ হিসেবে সাম্প্রদায়িক অন্ধকারকে তাড়িয়ে আলোর প্রত্যাশায় ‘সম্প্রীতির সাংস্কৃতিক প্রতিবাদ’ নামের কর্মসূচির আয়োজন করে তারা।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় তাদের এই সম্প্রীতির কর্মসূচি।
এরপর সন্ধ্যা হতেই সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জ্বলে উঠে অসংখ্য মোমের আলো। প্রজ্বলিত এসব আলো নিয়ে শহিদ মিনারের পাশ্ববর্তী সড়কে মিছিল করা হয়। এ সময় হাতে আলো নিয়ে মিছিল করে সাম্প্রদায়ীক আঁধার তাড়ানোর আহ্বান জানান তারা।
মিছিলের পর প্রতিবাদি সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পিরা গান, কবিতা পরিবেশন করেন।
সংক্ষুব্দ নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশের ফাঁকে ফাঁকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নাট্যসংগঠক নিরঞ্জন দে, পরিবেশ কর্মী আশরাফুল কবির প্রমুখ।
এ সময় আয়োজকরা বলেন- ‘বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতা, উগ্রতা আজ এক প্রধান সমস্যা। মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনার শপথে পাওয়া আমাদের প্রিয় এই মাতৃভূমিও আজ এই অন্ধত্ব, এই নোংরা খেলার অংশ হয়ে যাচ্ছে। আমরা চাই, বাংলাদেশ হোক সব মানুষের নির্ভয় জন্মভূমি। এই আহ্বানেই এমন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।’
সমাবেশে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ-সিলেট, আনন্দলোক-সিলেট, গীতবিতান-বাংলাদেশ, উদীচী-সিলেট, মৃত্তিকায় মহাকাল সহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।




