সিলেটের লেডি বাইকার রিয়া’র বিরুদ্ধে মাদক মামলা: বয়ফ্রেন্ড গ্রেফতার
স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল পরিচিতি লেডি বাইকার রিয়ার বিরুদ্ধে মাদক মামলা করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার বয়ফ্রেন্ড আরমান সামীকে।
জানা যায়- আরমান সামী নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নং বাসার শামসুল ইসলামের পুত্র। আর রিয়া রায় নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় ৬২/এ এর বামিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান- গত রবিবার রাতে বয়ফ্রেন্ড আরমান সামীকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় যান রিয়া। নীল রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান।
তিনি আরও বলেন- তাৎক্ষনিক গাড়িটি চালানো অবস্থায় থাকায় আরমান সামীকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামীই জানায়- পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে মাম পানির বোতলে রাখা বিশেষ মাদক, ইয়াবা, গাজা উদ্ধার করে।
ওসি জানান- সোমবার সকালে গ্রেফতার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামী রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।




