টিকা ছাড়া বিদ্যালয়ে নয় : বিপাকে সিলেটের ৩ লাখ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার

করোনার টিকা না নিয়ে এখন থেকে স্কুল-কলেজে যেতে পারবে না ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা। এমন সরকারী নির্দেশনায় বিপাকে পড়েছেন সিলেট বিভাগের ৩ লাখ শিক্ষার্থী। ইতোমধ্যে ৫৭ হাজার এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ লাখ শিক্ষার্থী করোনা টিকার ১ম ডোজ নিলেও টিকার অপেক্ষায় আরো ৩ লাখ। যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) কর্তৃপক্ষ আগামী ১৫ জানুয়ারীর মধ্যে সকল শিক্ষার্থীকে টিকার ১ম ডোজের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন। তবুও শঙ্কায় আছেন বিশাল সংখ্যক শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সিলেট বিভাগে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয় ১৩ ডিসেম্বর। এদিন সিলেট নগরীর পাশাপাশি বিভাগের অন্যান্য জেলায় শুরু হয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। এর আগে ৫৭ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকার ১ম ডোজের আওতায় নিয়ে আসা হয়। বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৩ লক্ষাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী করোনা টিকার ১ম ডোজ নিয়েছেন।
মাউশি সিলেটের তথ্যমতে বিভাগে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী আছেন ৬ লক্ষাধিক। এরমধ্যে ৩ লাখের কিছু বেশী শিক্ষার্থী ১ম ডোজ নিয়েছেন। ১৬ জানুয়ারীর মধ্যে অবশিষ্ট শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার জন্য শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে- বুধবার পর্যন্ত ৫৬ হাজার এইচএসসি পরীক্ষার্থী সহ বিভাগে ১ম ডোজ নিয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৫৮২ জন। এছাড়া এই সময়ে ২য় ডোজ নিয়েছেন ১৫ হাজার ৭৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১ম ডোজ নিয়েছেন ৬১ হাজার ৪৯২ জন ও ২য় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮২২জন, সুনামগঞ্জ জেলায় ১ম ডোজ নিয়েছেন ৯৩ হাজার ৪৭৪ জন ও ২য় ডোজ নিয়েছেন ৫৫৮ জন, হবিগঞ্জ জেলায় ১ম ডোজ নিয়েছেন ৮৯ হাজার ৭১ জন ও ২য় ডোজ নেন ৬৯০ জন, মৌলভীবাজার জেলায় ১ম ডোজ নেন ৮১ হাজার ৫৪৫ জন ও ২য় ডোজ নিয়েছেন ৪ হাজার ৬৭৭ জন।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সিলেটের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান খান সংবাদ মাধ্যমকে বলেছেন- বুধবার (৫ জানুয়ারী) পর্যন্ত সিলেট বিভাগে ১২ থেকে ১৭ বছর বয়সের সম্ভাব্য টিকা গ্রহণকারীর সংখ্যা ৫ লক্ষ ৭৯ হাজার ২০২ জন। এরমধ্যে বুধবার পর্যন্ত ১ম ডোজ নিয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৪৫ জন। এছাড়া ৪৯ হাজার এইচএসসি পরীক্ষার্থী টিকার ১ম ডোজ নিয়েছেন এবং এরমধ্যে থেকে ২৬ হাজার ১৩৪ জন ২য় ডোজ গ্রহণ করেছেন। আমাদের প্রত্যাশা আগামী ১৫ জানুয়ারীর মধ্যে বাকী শিক্ষার্থীদের টিকার ১ম ডোজ দেয়া শেষ হবে।




