নাইক্ষ্যংছড়িতে বিপুল অস্ত্রসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্যে র্যাবের সন্ত্রাসবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে গ্রেপ্তার হয়েছে।
আজ শুক্রবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনই রোহিঙ্গা নাগরিক।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে দেশি-বিদেশি ৮টি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র্যাব। এসময় চার সন্ত্রাসী ও মাটিতে পুতে রাখা দুইটি বিদেশি পিস্তল ও ৬ টি দেশি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ নূর, নাজিম উল্লাহ, মোহাম্মদ আমান উল্লাহ ও খায়রুল আমিন। তাদের প্রত্যেকের অস্থায়ী বসবাস উখিয়ার রোহিঙ্গা শিবিরে।




