দেশে বুস্টার ডোজ চালু হচ্ছে মডার্না : সিলেটে চলবে ফাইজার
স্টাফ রিপোর্টার

করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) হিসেবে দেশে চলছে ফাইজারের টিকা। কিন্তু এখন থেকে বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে প্রয়োগ হবে মডার্না। স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটি এই নির্দেশ দিয়েছে। ফলে সিলেট’সহ সারাদেশে শনিবার থেকে বুস্টার ডোজ হিসেবে মিলবেনা ফাইজারের টিকা। তবে সিলেটে মডার্নার টিকার সরবরাহ না থাকায় আপাতত বুস্টার ডোজ হিসেবে ফাইজার চলবে বলে সিলেটের স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে- বর্তমানে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ৪ হাজারের মতো মডার্না টিকা রয়েছে। এদিকে সিলেট নগরী ও জেলায়, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সরবরাহ নেই মডার্নার টিকা। ফলে এসব স্থানে বুস্টার ডোজ হিসেবে ফাইজার চলবে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান- স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন নির্দেশনা আমরা পেয়েছি। তবে আমাদের কাছে বুস্টার ডোজ দেয়ার মতো মডার্নার টিকা সরবরাহে নেই। তাই মডার্নার টিকা না আসার আগ পর্যন্ত ফাইজার দিয়েই চলবে বুস্টার ডোজের কার্যক্রম।
এদিকে বৃহস্পতিবার কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
ফাইজার কোম্পানির ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) প্রদান করা হবে। তাদেরকে উভয় ডোজই দেওয়া হবে ফাইজারের ভ্যাকসিন। টাস্কফোর্সের এ সংক্রান্ত নির্দেশনা সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিলেটের সিভিল সার্জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালক’সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।




