পিপিএম পদক পেলেন ডিসি ফয়সল মাহমুদ ও নায়েক শফি
স্টাফ রিপোর্টার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ রাষ্ট্রপতি পুলিশ (সেবা) পদকে পিপিএম ভূষিত হয়েছেন। এছাড়া আত্মমানবতার সেবায় মানবিক পুলিশিং এর জন্য এসএমপি’র মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের নায়েক মো. সফি আহমদও রাষ্ট্রপতি পুলিশ (সেবা) পদকে পিপিএম ভূষিত হন।
গতকাল রবিবার (২৩ জানুয়ারি) রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে এসএমপির এই পুলিশ কর্মকর্তা ও নায়েকের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসএমপি জানায়- বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়। এ বছর সিলেট মহানগরের এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এ পদক পান।
অপরদিকে করোনা মহামারী কালীন অসুস্থদের সেবা চিকিৎসা, হাসপাতালে স্থানান্তর, মৃতদের দাফন কাফন সম্পন্ন, এসএমপির ঊর্ধ্বতন অফিসারদের সার্বিক দিক নির্দেশনা মানবিক পুলিশিং কার্যক্রমে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী এবং সিলেট মহানগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থিক কল্যাণ- সাহায্য সমূহ মানবিক টিম সিলেট ‘বীর হিরো ও মানবিক টিম সিলেট’ সংগঠনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের প্লাজমা সেল সরবরাহ করা, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা করে চিকিৎসার্থে দেয়াসহ এসএমপি পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সার্বিক নির্দেশনা, সহযোগিতা এবং তত্ত্বাবধানে পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে সিলেট মহানগরীসহ বিভিন্ন এলাকার মানুষের জরুরী প্রয়োজনে ডোনার এর মাধ্যমে রক্তদান কর্মসূচি অব্যাহত রাখাসহ সরকারি দায়ত্বি ও কর্তব্য পালনের মাঝে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেছেন নায়েক শফি আহমেদ।




