বড়ভাঙ্গা নদীতে সেতু করার ঘোষণা এমপি হাবিবের
বালাগঞ্জ সংবাদদাতা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে ঐতিহাসিক সফলতা অর্জিত হয়েছে। চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে হবে।
তিনি আওয়ামী লীগ সরকারের দৃশ্যমান বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন- আমাকে আপনারা নির্বাচিত করার মাত্র ৪ মাসের মধ্যে এলাকার অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আপনাদের সকল প্রত্যাশা বাস্তবায়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। আমি জানি ‘খন্দকার বাজার ব্রীজটাও আপনাদের প্রাণের দাবি’। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে, আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশা আল্লাহ।
সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে প্রায় ৩০লাখ টাকা ব্যয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর-খন্দকার বাজার (আরএইচডি, চেই.১২১০-১৬০০মিটার) সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি নশিওরপুর-খন্দকারবাজার সড়কে স্থানীয় খন্দকার বাজারসংলগ্ন বড়ভাঙ্গা নদীতে সেতু স্থাপনের ব্যাপারে এলাকাবাসীর দীর্ঘকালের দাবির প্রতি সংহতি জানিয়েছেন সেতু স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সাইস্তা মিয়া।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম ছালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা প্রকৌশলী মোস্তাকিম শরীফ সাঈদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, সদ্য সমাপ্ত দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছহুল এ. মুনিম, স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবরু মিয়া, সাবেক ইউপি সদস্য মো. আহমদ আলী, ২নং ওয়ার্ডের সদস্য মো. তারা মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা শিরমান উদ্দিন, আব্দুল শাহাদাত রুকন, কয়সুল আলম কয়েস, অ্যাডভোকেট মশিউর রহমান এহিয়া, সুহেল আহমদ, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, সৈয়দ মোস্তাক আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক লেচু, বর্তমান সাধারণ সম্পাদক মিসবাউর রহমান মাসুম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।




