১৫ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি : আবেদন শুরু আজ
সময় সিলেট ডেস্ক

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এনটিআরসিএর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে- বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ১৫ হাজার ১৬৩ শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারী।
১৫ হাজার ১৬৩ পদের পদের মধ্যে ১২ হাজার ৮০৭ টি এমপিওভুক্ত শূন্যপদ। ননএমপিও পদ আছে ২ হাজার ৩৫৬ টি। বিজ্ঞপ্তিতে বলা হয়- যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন, তাঁরা ২৫ ফেব্রুয়ারী রাত ১২ টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি ১০০ টাকা।
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর বা তার কম হতে হবে।
আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।




