যুদ্ধ লাগলেও কিয়েভ ছাড়বেন না যে বাংলাদেশি প্রবাসী
সময় সংগ্রহ

রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। কিয়েভে এখন রুশ গোলা এসে পড়ছে। এদিকে, কিয়েভের বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী মাহবুব আলম জানান— যাই ঘটুক না কেন এখন তিনি শহর ছেড়ে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে— কিয়েভ শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র নয় কিলোমিটার দূরের ওবোলোন এলাকায় রাশিয়ার ট্যাঙ্ক চলছে। ভিডিওটি স্থানীয় বাসিন্দারা তাদের ঘর থেকে ধারণ করেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে— রাশিয়ার সৈন্যরা শহরের মধ্যে ঢুকে পড়েছে। গত দুদিনে প্রচুর মানুষ কোনো কোনো হিসাবে কয়েক লাখ মানুষ আতংকে কিয়েভ ছেড়ে চলে গেছেন।
মাহবুব আলম বলেন— প্রথম কথা নিরাপদ জায়গা এখন কোথায় আছে সেটা এখন বড় একটি প্রশ্ন। তাছাড়া পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে তাতে কোথাও যাওয়াও বড় রকম সমস্যা।
তিনি বলেন— মহাসড়কে প্রচণ্ড জট এবং সেই সাথে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। একবারে ২০ লিটারের বেশি তেল দিচ্ছে না। এই শীতের মধ্যে রাস্তায় নেমে তেলের জন্য গাড়ি থেমে গেলে বড় বিপদ হবে।
মাহবুব আলম বলেন— সে কারণে আমি এবং আমার কয়েকজন বাংলাদেশি বন্ধু কোথাও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
মাহবুব আলম ১৯৮১ সালে সোভিয়েত সরকারের বৃত্তি নিয়ে পড়তে গিয়ে আর দেশে ফেরেননি। তিনি জানান— এই ঝামেলার মধ্যে তার পরিচিত অনেকে, যাদের মধ্যে অনেক বাংলাদেশি রয়েছেন কিয়েভ ছেড়ে চলে গেছেন।
সূত্র : বিবিসি বাংলা




