সিলেটে ইনোভেটর বই বিনিময় উৎসব শনিবার
সময় সিলেট ডেস্ক

সিলেটে বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটর এর আয়োজনে বই বিনিময় উৎসব আগামী শনিবার, ৫ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ২ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ব্যাতিক্রমী এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে বইপ্রেমীরা নিজেদের পছন্দমতো বই বিনিময়ের সুযোগ পাবেন।
আয়োজকেরা জানিয়েছেন— বই বিনিময় উৎসবে বই দিয়ে বই নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এতে একজনের পড়ে শেষ করা বইটি বাসায় ফেলে না রেখে অন্যকে পড়তে দেয়ার সুযোগ তৈরি হবে। মূলত বইয়ের প্রতি ভালোবাসা এবং জ্ঞানের বিনিময়ের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন বলে তারা জানান।
উল্লেখ্য, গত বছর সিলেটে প্রথম বারের মতো ইনোভেটর বই বিনিময়ের আয়োজন করে এবং বইপ্রেমীদের মধ্যে আয়োজনটি ব্যাপক প্রশংসা কূড়ায়।
ইনোভেটর এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব আগ্রহী সকল বই পড়ুয়াদের ঐদিন বই বিনিময় উৎসবে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন।




